মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ( এআই) অস্ত্রের চেয়ে ভয়াবহ হুমকি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ ২৬ জুলাই সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সাথে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে নিয়ে আসা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। সেই সাথে নির্বাচনকে প্রভাবিত করতে যেকোন ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে আমরা সতর্ক। তিনি আরো বলেন, নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। আমরা চাই স্বচ্ছ নির্বাচন। রাতের আধারে কোনো কার্যক্রম নয়, দিনের আলোতেই সবকিছু করতে চাই। যাতে করে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। সিইসি বলেন, আমরা জাতীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তা না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। মতবিনিময় সভায় বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬