শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে।
এসময় তিনি বলেন,
নির্বাচন কমিশন ইতিমধ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করেছে। আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে, তাই ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
শনিবার বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
সিইসি আরও বলেন,
আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে। বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি বিচার শেষ হয়, তখন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করবে।”
তিনি আরও জানান,
এনসিপির শাপলা প্রতীক বরাদ্দের কোনো সুযোগ নেই, কারণ তারা নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল নয়। আইন অনুযায়ী এ বিষয়ে আমাদের কোনো স্বাধীনতা নেই।”
প্রধান নির্বাচন কমিশনার জোর দিয়ে বলেন,
নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। কোনো গোয়েন্দা সংস্থা বা বাহ্যিক প্রভাবের অধীনে কমিশন পরিচালিত হবে না।”
সভায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ছয় জেলার জেলা প্রশাসকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬