বিনোদন ডেস্ক প্রতিবেদনঃ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ—যার অকাল মৃত্যু আজও রহস্যে ঘেরা—তার মৃত্যুর প্রায় তিন দশক পর ঘটনাটি হত্যা মামলায় রূপ নিয়েছে। দীর্ঘ ২৯ বছর পর এ মামলায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে দেশজুড়ে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সম্প্রতি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে রমনা থানা পুলিশ।
অন্যদিকে, মামলাটি নতুন করে আলোচনায় এসেছে ১৯৯৭ সালে আসামি রেজভীর দেওয়া জবানবন্দি ঘিরে। ১৬৪ ধারার সেই জবানবন্দিতে রেজভী সালমান শাহকে হত্যার দায় স্বীকার করেছিলেন। তিনি বলেন,
“আমরা সালমান শাহকে হত্যা করেছি। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত ছিলেন। আমিও সেই হত্যাযজ্ঞে অংশ নিই।”
রেজভী তার জবানবন্দিতে আরও জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার একটি হত্যাচুক্তি। এই চুক্তির মূল উদ্যোক্তা ছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এছাড়াও এই পরিকল্পনায় অংশ নেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক হিসেবে পরিচিত ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে বিতর্ক ও রহস্যের অবসান না হলেও, হত্যা মামলা হিসেবে পুনঃতদন্তের নির্দেশে নতুন মোড় নিয়েছে এই বহুল আলোচিত ঘটনা। ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা এখন অপেক্ষায়—প্রিয় নায়কের মৃত্যুর আসল সত্যটি একদিন উদ্ঘাটিত হবে কি না।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬