ফরিদপুরে ৩টি আসনে বিএনপির প্রার্থিতা চূড়ান্ত ঘোষণা
- আপডেট সময় : ০৫:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: নাজমুল হুদা বাশার, ফরিদপুর
ফরিদপুর জেলার রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে বিএনপির প্রার্থিতা ঘোষণাকে ঘিরে। জেলার মোট চারটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থিতা চূড়ান্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দ-উচ্ছ্বাসের বন্যা।
সোমবার (৩ নভেম্বর)২০২৫ তারিখ সন্ধ্যায় দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকরা প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষণার পর থেকেই ফরিদপুর শহরজুড়ে শুরু হয় আনন্দ উৎসব। তবে দলের পক্ষ থেকে মিষ্টি বিতরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় না করার নির্দেশনা থাকায় উৎসবটি ছিল সংযত কিন্তু প্রাণবন্ত।
ঘোষণার পর ফরিদপুর সদর-৩ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ নিজ বাসভবনে পৌঁছালে বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে শুভেচ্ছা জানান। এ সময় পুরো এলাকা যেন উৎসবের নগরীতে পরিণত হয়।
নিজ বাসভবনে পৌঁছে তিনি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন তার প্রয়াত পিতা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর কবর জিয়ারতের মাধ্যমে।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন—
> “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আমাকে ফরিদপুর-৩ (সদর) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করায় আমি গভীরভাবে কৃতজ্ঞ ও আনন্দিত। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নীতি-নির্ধারকের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, “এই মনোনয়ন শুধু আমার একার জন্য নয়, এটি ফরিদপুরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।”
অন্যদিকে ফরিদপুরের বাকি দুই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন —
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা): শ্যামা ওবায়েদ রিংকু
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন): শহিদুল ইসলাম বাবুল
তবে বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী (ফরিদপুর-১) আসনে এখনো প্রার্থিতা চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
বিএনপির এই ঘোষণা ফরিদপুরে নতুন রাজনৈতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। দীর্ঘদিন পর নেতাকর্মীদের মুখে ফিরেছে আশার আলো ও পরিবর্তনের স্লোগান।























