মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামে নিখোঁজের কয়েক ঘণ্টা পর আট বছর বয়সী শিশু (জায়েন মোল্লার) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে মিন্টু মেম্বারের বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত (জায়েন) স্থানীয় জাবেদ পারভেজ কিন্ডারগার্ডেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী এবং দুই সন্তানের জনক পলাশ মোল্লার ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়েছিল জায়েন। দীর্ঘসময়েও ফিরে না আসায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয় এবং স্থানীয় বাসিন্দারা দলবদ্ধভাবে অনুসন্ধানে নামেন।
মিন্টু মেম্বার জানান, গ্রামের বহু মানুষ বিভিন্ন পথে শিশুটিকে খুঁজছিলেন। দুপুর দেড়টার দিকে তার বাগানের ভেতর পড়ে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
শিশুটির মৃত্যুর খবরে পরিবারসহ পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। অনেকে ধারণা করছেন, গ্রামের পুরোনো বিরোধ কিংবা আদিপত্য বিস্তার নিয়ে সংঘাতের জেরেই এই ঘটনা ঘটতে পারে। তাদের দাবি—এটি কোনো উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ডও হতে পারে। ঘটনাটি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। শিশুটির মৃত্যু অত্যন্ত সংবেদনশীল বিষয়। এটি কেন ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামের পূর্বের বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার বিষয়গুলোও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, যে-ই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে, খুব দ্রুতই প্রকৃত সত্য উদ্ঘাটন করা হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় এখনো আতঙ্ক ও শোকের আবহ বিরাজ করছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬