রেজাউল করিম- ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে যৌথবাহিনীর তৎপরতায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, ১৭ জানুয়ারী ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬-৩০ মিনিট এর সময় ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর মালেক মোল্লার মোড় এলাকায় ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং পুলিশের উপস্থিতিতে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ রজব খাঁন (২৫) নামের এক যুবককে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত মোঃ রজব খাঁন বাবু খাঁনের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
যৌথবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত উদ্যোগে মাদক কারবারিদের আইনের আওতায় আনা সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানান তারা।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬