রেজাউল করিম-ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৬ হাজার ৯৮৫ পিস বলে নিশ্চিত করেছে র্যাব।
র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার (২২ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানাধীন জয়বংলা রেলক্রসিং এলাকার পশ্চিম পাশে ঢাকা–গোপালগঞ্জ মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হলে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।
বাসে তল্লাশির একপর্যায়ে প্রায় ২০ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই অভিযানে মাদক বহনের সঙ্গে জড়িত দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ নাঈম সরকার (২৪), পিতা মোঃ ফাইজুল সরদার, সাং মাহমুদকান্দা এবং মোঃ সরিফুল ইসলাম (২৩), পিতা মোঃ বদরুজ্জামান, সাং মাটিভাঙ্গা। তারা উভয়েই পিরোজপুর জেলার নাজিরপুর থানার বাসিন্দা।
র্যাব জানায়, আটককৃতরা সংঘবদ্ধ ও পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। এছাড়া আটককৃত মোঃ সরিফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বেও একটি মামলা রয়েছে বলে জানানো হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটক দুইজনের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব আরও জানায়, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬