শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর
উপজেলায় গুরুত্বপূর্ণ সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার, নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এবং ধামরাই থেকে কালিয়াকৈর আঞ্চলিক সড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব সড়কে যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির। টানা তিন দিনের কারখানা ছুটিকে কেন্দ্র করে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন কারখানার শ্রমিকদের ভোটের টানে ঘরমুখো যাত্রায় যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, চন্দ্রা ত্রি-মোড় ও আশপাশের এলাকায় বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের লম্বা সারি। যাত্রীদের ভিড় ঈদের সময়ের মতোই উপচে পড়েছে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক কারখানায় একটানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সুযোগে শ্রমিকদের একটি বড় অংশ নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ ও পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে দেশের বাড়ির পথে রওনা হয়েছেন।
এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ ও যানবাহনের স্বল্পতার সুযোগে কয়েকটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, যেখানে স্বাভাবিক সময়ে ২৫০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে বর্তমানে ৫শ থেকে ৬শ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
এ বিষয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন বলেন, নির্বাচন ও কারখানার ছুটিকে কেন্দ্র করে একযোগে চাপ বেড়ে যাওয়ায় এসব সড়কে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, সংশ্লিষ্ট পরিবহনগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
তারিখঃ১০/০২/২০২৬ ইং
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬