রেজাউল করিম -ফরিদপুরঃ
ফরিদপুরের সালথা উপজেলার নকুলহাটি বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি কাঠের রাইফেল, বোল্ট অ্যাসেম্বলির কিছু অংশ এবং একটি চাইনিজ কুড়াল/ছুরি উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে এসব সামগ্রী জব্দ করা হয়।
সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল প্রায় ৫টার দিকে সালথা উপজেলার নকুলহাটি বাজার এলাকায় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম মজুদ থাকার খবর পাওয়া যায়। তথ্যের সত্যতা যাচাই করে সালথা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি স্থান তল্লাশি করে একটি কাঠের তৈরি রাইফেল, বোল্ট অ্যাসেম্বলির আংশিক অংশ এবং একটি চাইনিজ কুড়াল/ছুরি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সালথা থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সেনা সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬