রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ফরিদপুর পুলিশ হাসপাতাল-এ নতুন প্যাথলজি বিভাগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভাগের শুভ উদ্বোধন ঘোষণা করেন মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের সদস্য ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি জানান, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের সমন্বয়ে চালু হওয়া প্যাথলজি বিভাগটি দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে বাহিরে গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর প্রয়োজনীয়তা কমবে, সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এবং ডা. সৈয়দ হাসানুল কবীর, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, ফরিদপুর। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই এই প্যাথলজি বিভাগ চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ পুলিশ সদস্যদের চিকিৎসা সুবিধা সম্প্রসারণে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬