মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশি বৈঠকের মধ্যে সৎমা মনোয়ারা বেগম (৬০)কে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার সৎ সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় হামলার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।
গতকাল রবিবার (১২ এপ্রিল) উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত মনোয়ারা বেগম ওই গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বসতভিটা ও সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে মনোয়ারা বেগমের সঙ্গে তার সৎ ছেলে হিরু মাতুব্বর (৩৫), রিপন মাতুব্বর (৪৩) ও ফিরোজ মাতুব্বর (৪০)-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত শনিবার তারা মনোয়ারা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য রবিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্তরা মনোয়ারা বেগমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
এসময় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে আব্দুর রহমান রাজ্জাক (২৯)ও হামলার শিকার হয়ে আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় এজাহার দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬