নাজমুল হুদা বাশার, ফরিদপুর
১৭ এপ্রিল: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তা বাস্তবায়নে কাজ করছেন। শুক্রবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় উপদেষ্টা জানান, সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী কৃষক, খামারি ও মৎস্যজীবীদের জন্য দশ হাজার টাকা ঋণ মওকুফের ঘোষণা দেন এবং স্বল্প সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেয়। তিনি বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরাসরি প্রভাব পড়ছে।
তিনি আরও বলেন, দেশে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে সমন্বয় সভা আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে এ ধরনের সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসংস্থানকে উন্নয়নের মূল কেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পূর্ববর্তী অর্থনৈতিক কাঠামোর কারণে দেশে প্রত্যাশিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি এবং বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে শিক্ষিত ও নারী জনগোষ্ঠীর মধ্যে।
মূল্যস্ফীতির প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বেড়েছে এবং দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে দিনব্যাপী সফরের অংশ হিসেবে উপদেষ্টা জেলার বিভিন্ন শিল্প ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি শহরতলীর গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় অবস্থিত জোবায়দা করিম জুট মিল পরিদর্শন করেন। সেখানে উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখার পাশাপাশি শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের পরিবেশ ও সমস্যার বিষয়ে খোঁজ নেন।
পরে তিনি দেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে ইনস্টিটিউটের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। দেশের নদী ব্যবস্থাপনা ও গবেষণায় প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সফরের বিভিন্ন কর্মসূচিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পার্শ্ববর্তী জেলার সংসদ সদস্যগণ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬