রেজাউল করিম, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে এক মর্মান্তিক ঘটনায় কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের গদারডাঙ্গী গ্রামে আজগর মোল্লার বাড়ির উঠানে এই ভয়াবহ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আকাশ (২৮) নামে এক ব্যক্তি, যাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে, হঠাৎ করে কোদাল নিয়ে আশপাশের লোকজনের ওপর আক্রমণ চালান। তার হামলায় ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং কাবুল (৪৫) নিহত হন।
এ সময় হামলায় গুরুতর আহত হন রিয়াজ মোল্লা (৪৫)। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬