দৈনিক ফরিদপুর মহানগর বার্তা | নাজমুল হুদা বাশার
তারিখ: ০২ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে আগামীর ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
কেন্দ্রীয়ভাবে সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এম.পি এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। একইসঙ্গে দেশের বিভিন্ন জেলার মতো ফরিদপুরেও উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ইলিয়াছুর রহমান, উপপরিচালক, স্থানীয় সরকার ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত), ফরিদপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিজ্ শামা ওবায়েদ ইসলাম, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” দেশের তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার মতো দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ পর্যায় থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬