ফরিদপুর মহানগর বার্তা রিপোর্টঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুরে নানা সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে জেলা তথ্য অফিস। “জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার স্থাপন করা হয়েছে।
জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকাশিত এসব পোস্টারের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং তথ্যের অবাধ প্রবাহের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। পাশাপাশি সত্যনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থে সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সম্পর্কেও সচেতনতা তৈরি করা হচ্ছে।
জেলা তথ্য অফিস সূত্রে বলা হয়, একটি গণতান্ত্রিক সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই। এ লক্ষ্যেই গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের পেশাগত স্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করা হচ্ছে।
প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠন র্যালি, আলোচনা সভা এবং মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
সংশ্লিষ্ট মহলের মতে, বর্তমান ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও অপপ্রচারের বিস্তারের কারণে দায়িত্বশীল ও সত্যভিত্তিক সাংবাদিকতার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। একটি স্বাধীন গণমাধ্যমই পারে গণতন্ত্রকে সুসংহত করতে এবং জনগণের কণ্ঠস্বর যথাযথভাবে তুলে ধরতে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬