রেজাউল করিম,ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, বিপণন ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণ বিষয়ে চামড়া ব্যবসায়ী এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত চামড়া ব্যবসায়ীরা ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এর কাছে চামড়া সংরক্ষণের জন্য একটি নির্দিষ্ট স্থান বরাদ্দের দাবি জানান। তারা বলেন, যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় প্রতিবছর অনেক চামড়া নষ্ট হয়ে যায় এবং ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হয়।
অন্যদিকে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষরা কোরবানির চামড়া সংরক্ষণের জন্য আরও বেশি পরিমাণ লবণ সরবরাহের দাবি জানান। এ বিষয়ে বিসিকের কর্মকর্তারা জানান, বর্তমানে পর্যাপ্ত পরিমাণ লবণের মজুদ রয়েছে। কারও অতিরিক্ত লবণের প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশ্বাস দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরে চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। বাজারে চামড়ার দাম কমে যাওয়ায় এ খাতের সঙ্গে জড়িত অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।
এ সময় বক্তারা আরও বলেন, ফরিদপুর জেলার বাইরে থেকে যেন কেউ এসে চামড়া কিনতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিসিকের প্রতিনিধি, চামড়া ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬