রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন ছাত্রনেতা খাইরুল ইসলাম রোমান।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং রক্তদানের মাধ্যমে মানবসেবামূলক এই উদ্যোগকে সফল করে তোলেন।
এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী আনোয়ার পাশা, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ওয়ালিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম এবং জাতীয় উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
তারা বলেন, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে উদ্বুদ্ধ হয়ে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও সমাজকল্যাণ ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার- রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাহারুল ইসলাম রবিন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬