নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩টি মামলায় মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) ফরিদপুর বিএসটিআই, জেলা প্রশাসন এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে গোয়ালচামট এলাকার ফরিদপুর পেট্রোলিয়াম সার্ভিস-এর অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৮০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রঘুনন্দনপুর সুইচগেট এলাকার ফ্রেশ ফ্লো ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানের উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের গুণগত মানের লাইসেন্স না থাকায় ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে হেলিপোর্ট বাজারের মুফিজুদ্দিন শেখ স্টোর-এ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অনিবন্ধিত নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকান থেকে জব্দ করা চানাচুর ধ্বংস করা হয়।
এ সময় রঘুনন্দনপুর এলাকার বন্ধু ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে গুণগত মান ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রয় ও বিতরণ না করার নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম মণ্ডল এবং ইনসানা তানজীন ইকো। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন।
বিএসটিআই ফরিদপুর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬