নিজস্ব প্রতিবেদক, দৈনিক ফরিদপুর মহানগর বার্তা
ফরিদপুরবাসীর জন্য এটি এক গৌরব ও আনন্দের সংবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত ১৫ জুন জারিকৃত ওই প্রজ্ঞাপনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নাম ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। জনকল্যাণে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা, নেতৃত্বগুণ এবং জনগণের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
ফরিদপুরের কৃতী সন্তান শামা ওবায়েদ ইসলামের এ দায়িত্বপ্রাপ্তি জেলার স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সচেতন মহল। তাঁর দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা এবং উন্নয়নমুখী চিন্তাভাবনার মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা লাভ করবে—এমন প্রত্যাশা সকলের।
ফরিদপুরের উন্নয়ন ও অগ্রযাত্রায় শামা ওবায়েদ ইসলামের এই নতুন দায়িত্ব নিঃসন্দেহে জেলার জন্য এক গর্বের অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬