মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (২২ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে দুইটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, চরভদ্রাসনের আদর্শ স্কুল রোড এলাকার মেসার্স শরিফুল বেকারী বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করেই বিস্কুট, ব্রেড ও কেকের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ভোক্তাদের বিভ্রান্ত করছিল। এ অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দক্ষিণ আলমনগর বাজারের মেসার্স হাজী বেকারি মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই বিস্কুট ও ব্রেড বিক্রি করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) এস. এম. সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬