নাজমুল হুদা বাশার ফরিদপুর:
ফরিদপুরে নাগরিক কমিটির উদ্যোগে 'নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি' উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (৪ জুলাই) ব্যাংক এশিয়া মোড়, থানা রোড ফরিদপুর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার উন্নয়ন, নাগরিক অধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ্ শামা ওবায়েদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা এবং ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করেন রাজবাড়ী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও ফরিদপুর নাগরিক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. শওকত আলী মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মির নাসির, করিম গ্রুপের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা প্রফেসর আব্দুল তাওয়াব, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মোঃ জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
আলোচনা সভায় বক্তারা ফরিদপুরের সার্বিক উন্নয়নের স্বার্থে জেলাটিকে বিভাগ হিসেবে বাস্তবায়ন, একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জোর দাবি জানান। তাঁরা বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে ফরিদপুরের শিক্ষা, প্রশাসন, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ্ শামা ওবায়েদ ইসলাম বলেন, "ফরিদপুর শুধু একটি শহর নয়, এটি আমাদের সবার। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই জেলার উন্নয়নে কাজ করতে হবে। জনগণের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
অনুষ্ঠান শেষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও ফরিদপুরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, নাগরিকদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফরিদপুরকে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত নগরীতে পরিণত করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬