নিজস্ব প্রতিবেদক ঃ
ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর।
এ সময় বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান চৌধুরী, প্রধান শিক্ষক মুহাম্মদ জয়ুনুল আবেদিন, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মনোজিৎ কুমার কুন্ডুসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াত, অতিথিদের ফুল দিয়ে বরণ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর কুমার গোস্বামী ও শ্যামলী রানী শীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬