নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরে অসহায় পরিবারের জন্য নবনির্মিত নতুন বাড়ি উপহার দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসনের গাজীরটেকে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে মোঃ লকাই বিশ্বাস নামে ওই অসহায় পরিবারের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারের বাড়ির চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি রিজভী আহমেদ। এছাড়া এসময় অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি দেশের মানুষকে এ বিষয়ে সজাগ-সতর্ক থাকারও আহ্বান জানান।
তিনি বলেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র জাল বিস্তার করে ষড়যন্ত্র শুরু করেছে। গত কয়েকদিন আগে বিদেশের মাটিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূসের উপর নেক্কারজনকভাবে অপমান করা হয়েছে। এতে দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা একটি বার ভেবে দেখুন।
এ সময় অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬