ফরিদপুর সদরে সমন্বয় সভা: আইনশৃঙ্খলা, উন্নয়ন ও সামাজিক সচেতনতায় একসাথে কাজের আহ্বান।
- আপডেট সময় : ১০:৫১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুর সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে মাসিক সমন্বয় সভায়।
সোমবার (৩০ মার্চ) ২০২৬ইং সকাল ১০টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়া।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, বাল্যবিবাহ ও অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম ইফতেখার আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, উপজেলা কৃষক উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা হাসিবুল হাসান মামুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শিরিন শারমিন খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, উপজেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখতে প্রশাসনের পাশাপাশি সকল দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। গ্রাম পর্যায়ে সেবার মান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরবর্তীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় অংশ নেন। তাদের মধ্যে ছিলেন চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তুহিন মন্ডল, নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আলম, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইমার হক, ডিগ্রীর চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলতাফ হোসেন, কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক ফকির এবং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি বড় সামাজিক ব্যাধি হিসেবে বিস্তার লাভ করছে, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। তাই মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এছাড়া অবৈধভাবে মাটি কাটা বন্ধে কঠোর নজরদারি এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, এসব সামাজিক সমস্যা মোকাবেলায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগই টেকসই সমাধান নিশ্চিত করতে পারে।
সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। সমন্বয় সভাটি প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং একটি সচেতন, নিরাপদ ও উন্নয়নমুখী উপজেলা গড়ে তোলার প্রত্যয়ে শেষ হয়।

















