ফরিদপুরে ঈদ ও রমজানে নিরাপত্তা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার।
- আপডেট সময় : ০২:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার, ফরিদপুর
ফরিদপুরে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বিপণিবিতান, বাস টার্মিনাল ও জনসমাগমস্থল পরিদর্শন করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
পরিদর্শনকালে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্কতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে মার্কেট ও শপিংমলে বাড়তি ভিড় সামাল দিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ও টহল জোরদারের নির্দেশ দেন তিনি।
পুলিশ সুপার বলেন, রমজান ও ঈদকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
ফরিদপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনার আওতায় শহর ও উপজেলাগুলোতে বিশেষ টহল, মোবাইল টিম ও সাদা পোশাকে নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।


















