ফরিদপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ড্রেজারের ৫০০ মিটার পাইপ ধ্বংস, আটক ২
- আপডেট সময় : ০৪:৩৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে সদর উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ৫০০ মিটার ড্রেজার পাইপ ধ্বংস করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মফিজ উদ্দিন মুন্সির ডাংগী থেকে রাজাই ব্যাপারীর ডাঙ্গী পর্যন্ত সড়ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনের কাজে নিয়োজিত দুই শ্রমিক—ফরহাদ শেখ (৩০) ও রুবেল (৩১)-কে হাতেনাতে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর মাধবদিয়া ইউনিয়নের মফিজউদ্দিন মুন্সির ডাঙ্গী থেকে মমিন খার হাটে চলাচলের সড়কে অভিযান পরিচালনা করে চালু অবস্থায় একটি অবৈধ ড্রেজারের প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। এ সময় বালু কাটার কাজে নিয়োজিত দুই শ্রমিককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা জানান, রাকিব নামে একজন এই ড্রেজার মেশিন পরিচালনা করেন। তিনি চর মাধবদিয়া ইউনিয়নের কাঁঠালতলা সংলগ্ন মগরব মাতুব্বরের পাড়ার জয়নাল মাতব্বরের ছেলে। ড্রেজারের মালিককে উপজেলা প্রশাসনের কার্যালয়ে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ ড্রেজারসহ যেকোনো বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ সহকারী মোহাম্মদ মামুনুর রশিদ, স্থানীয় মেম্বার মো. ইউনুস আলী বেপারী, আনসার সদস্য এবং চর মাধবদিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।










