ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে

রেজাউল করিম – ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১জানুয়ারী ফরিদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম ইফতেখার আজাদ, কোতোয়ালি থানার অপারেশন অফিসার আব্দুল্লাহ সিকদার, উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, উপজেলা কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী, হাইওয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়া সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তুহিন মণ্ডল, নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন, ডিগ্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসেন, মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সী, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম এবং কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বাদশা মিয়া। সভায় সদর উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সভায় বিগত সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সচেতনতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।












