ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার, ফরিদপুর
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশ-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ফরিদপুর পুলিশ লাইনস্ মাল্টিপারপাস হল (কল্যাণ শেড)-এ আয়োজিত এ মাহফিলে জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। এ মাসের শিক্ষাকে ধারণ করে জনগণের সেবায় আরও আন্তরিক ও দায়িত্বশীলভাবে কাজ করার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জিয়া হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং সিভিল সার্জন মোঃ মাহমুদুল হাসান। এছাড়াও ফরিদপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার গ্রহণ করা হয়।
এ আয়োজনের মাধ্যমে জেলার প্রশাসন ও পুলিশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
















