নগরকান্দায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ ১ জন আটক
- আপডেট সময় : ১২:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
ব্যুরো চীফ
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আবু বক্কার মোল্লা (৪২) কে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা বড়ি, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
৭ সেপ্টেম্বর রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় পুলিশের সহযোগিতায় নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আবু বক্কার মোল্লাকে আটক করা হয়।
আটকের পর উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জামসহ তাকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের তথ্য ও সহযোগিতা অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে সেনাবাহিনী সূত্র জানায়, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। জনগণকে মাদক ও অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সেনা ক্যাম্পকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।












