ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে পাষণ্ড স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত
- আপডেট সময় : ০৩:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

রেজাউল করিম – ফরিদপুর
ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতে দিলরুবা বেগম (২০) নামে এক নারী কে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জানা যায় মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত এবং একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের বিধান রেখে আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ২২ সেপ্টেম্বর-২৫ তারিখ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
এসময় সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইমরান ফকির (৩৩) মধুখালী উপজেলার উলুহাট গ্রামের মোঃ আফসার ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত ওই নারী মোসাঃ দিলরুবা বেগমের (২০) বাড়ি মধুখালী উপজেলার দেউল মথুরাপুর গ্রামে। তার বাবা মোঃ দেলোয়ার হোসেন ২০১৪ সালের ৬ আগস্ট মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলায় বাদী উল্লেখ করেন, গত ২০১৪ সালের ৫ আগষ্ট দুপুরে আমার মেয়েকে স্বামীর বাড়ি মধুখালী উপজেলার উলুহাট গ্রামে স্বামীর পরিবারের লোকজন এক লাখ টাকা যৌতুকের জন্য মারধর করে হত্যা করে। ওই বাড়িতে গিয়ে বারান্দায় আমার মেয়ের লাশ দেখে আমরা বিষয়টি পুলিশকে জানালে। পরবর্তীতে পুলিশ ঘটনা স্থলে এসে আমার মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, সকল আলামত ও সাক্ষীদের জবানবন্দীতে অপরাধ সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।












