পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শামা ওবায়েদ ইসলাম – ফরিদপুরে আনন্দের উচ্ছ্বাস
- আপডেট সময় : ০১:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

রেজাউল করিম -ফরিদপুর
নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম (রিঙ্কু)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পরপরই এই দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকা সালথা-নগরকান্দায় আনন্দের আবহ তৈরি হয়েছে।
দলীয় ও সচিবালয় সূত্রে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক পটভূমি ও পরিবার
শামা ওবায়েদ ইসলাম মরহুম কে এম ওবায়দুর রহমান-এর কন্যা। ওবায়দুর রহমান স্বাধীনতা-উত্তর রাজনীতির একজন পরিচিত মুখ; তিনি বিভিন্ন সময়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রীর দায়িত্বও পালন করেন। ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সরকারে বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। পরবর্তীকালে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।
রাজনীতিবিদ পরিবারে বেড়ে ওঠা শামা ওবায়েদ দীর্ঘদিন ধরে ফরিদপুরের আঞ্চলিক রাজনীতিতে সক্রিয়। বাবার জনপ্রিয়তার উত্তরাধিকারকে সাংগঠনিক দক্ষতার মাধ্যমে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে সক্ষম হয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন।
শিক্ষা ও পেশাগত জীবন
১৯৭৩ সালের ১৪ মে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ক্যালিফোর্নিয়ার একটি স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কয়েক বছর যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মাজহারুল ইসলামের পুত্র শোভন ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নির্বাচনী লড়াই ও বিজয়
২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি শামা ওবায়েদ। তবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে তিনি ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে জয়ী হয়ে প্রথমবারের মতো সংসদে আসন নেন তিনি।
স্থানীয়দের মতে, রাজনৈতিক প্রতিকূল সময়েও এলাকায় সক্রিয় থাকা এবং জনগণের পাশে থাকার কারণে তিনি ব্যাপক সমর্থন পেয়েছেন।
এলাকায় আনন্দের ঢেউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সালথা ও নগরকান্দায় বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে ফরিদপুর-২ আসনের জন্য মর্যাদার স্বীকৃতি হিসেবে দেখছেন। দলীয় সমর্থকদের ভাষ্য, এই দায়িত্ব প্রদানের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় নেতাকর্মীদের অবদানকে মূল্যায়ন করেছেন।
নতুন দায়িত্ব পালনে শামা ওবায়েদ ইসলাম কূটনৈতিক অঙ্গনে দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট




















