নওগাঁর পত্নীতলায় স্বামীর লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক
- আপডেট সময় : ০২:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে প্রতিমা রানী (২৬) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী প্রদীপ কুমারকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের চৌধুরীপাড়ার বাসিন্দা প্রদীপ কুমারের সঙ্গে তার স্ত্রী প্রতিমা রানীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।
শুক্রবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়ার শব্দ শুনতে পান প্রতিবেশীরা। একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, স্বামীর লাঠির আঘাতেই প্রতিমা রানীর মৃত্যু হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য বাবুল কুমার জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, রাতেই তাদের মধ্যে ঝগড়া ও মারপিট হয়েছিল। এর আগেও একাধিকবার তাদের পারিবারিক কলহ স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। তিনি আরও বলেন, স্বামী প্রদীপ মাদকাসক্ত ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু তালেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।











