ফরিদপুরে পাওনা টাকার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা।
- আপডেট সময় : ০৯:৫৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪৪৭ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় পাওনা টাকা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ ২০২৬) রাত ১১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কোতয়ালী থানাধীন রেলস্টেশন বাজারের বস্তি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে শিল্পীর মাদক ব্যবসায়ী জামাই হৃদয়সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলেই ফেলে রেখে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। নিহত রাজু কোতয়ালী থানার কুটিবাড়ী, স্টেশন বাজার মুসলিম কলোনি ২ নম্বর কুটি বাড়ীর বাসিন্দা। তার পিতার নাম বাবলু কসাই।
ঘটনার খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১২টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ সময় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় শিল্পীর জামাই মোঃ নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
















