ফরিদপুরে র্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:২২:২২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার এবং এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন গুহ লক্ষীপুর এলাকার কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষ থেকে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র রাখার অভিযোগে মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গুহ লক্ষীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ীর বাসিন্দা এবং তার পিতার নাম মো. তারা মোল্লা।
র্যাব জানায়, গ্রেপ্তার শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে।
র্যাব-১০ আরও জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং সন্ত্রাস ও অবৈধ অস্ত্র নির্মূলে তারা নিয়মিত গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।









