১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ
- আপডেট সময় : ০৫:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট, ফরিদপুর মহানগর বার্তা
ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের রেস্ট হাউজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভাটি পরিচালনা করেন সাংবাদিক শেখ মো. আফজাল হোসেন।
ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক সকালের সময়-এর ব্যুরো চিফ এবং ফরিদপুর মহানগর বার্তার প্রকাশক ও সম্পাদক নাজমুল হুদা বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি অমিত সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন শেখ, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান কার্যনির্বাহী সদস মোঃ মশিউর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিপদ, হয়রানি কিংবা সংকটে পড়লে সংগঠনের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সাংবাদিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ, কল্যাণ ট্রাস্ট গঠন ও পরিচালনা, নিয়মিত মাসিক সভার পাশাপাশি প্রতি সপ্তাহে অন্তত একটি সাংগঠনিক বৈঠক আয়োজন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, “আমাদের সংগঠনের কোনো সাংবাদিক সমস্যায় পড়লে তাঁর পাশে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। একজন সাংবাদিকের বিপদে অন্য সাংবাদিকরা পাশে থাকবেন—এটাই একটি সংগঠনের মূল শক্তি।”
তিনি আরও বলেন, সংগঠনের কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মৃত্যুকালীন আর্থিক সহায়তা বা ভাতা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তিনি সংগঠনের সভাপতির প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নাজমুল হুদা বাশার বলেন, “এই সংগঠনের সকল সাংবাদিক আমার সন্তানতুল্য। অতীতের বিষয়গুলো ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করতে হবে।” তিনি সংগঠনের কোনো সদস্য বিপদে পড়লে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও নির্বাচনসংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা, কল্যাণ ও দক্ষতা বৃদ্ধির জন্য একটি শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক কাঠামো প্রয়োজন। এ ক্ষেত্রে সংগঠনের প্রতিটি সদস্যের দায়িত্বশীল অংশগ্রহণ ও পারস্পরিক ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব উঠে আসে। আলোচনা শেষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশারের বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।















