গুনি সাংবাদিক হারুন আনসারীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে থানায় জিডি
- আপডেট সময় : ১০:২৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিকৃত ও আপত্তিকর ছবি ছড়িয়ে সাংবাদিক মোহাম্মদ হারুন আনসারীকে সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় জিডিটি করেন সাংবাদিক হারুন আনসারী (৪৯)। জিডি নম্বর ৮৩৯, তারিখ ১১ অক্টোবর ২০২৬। তিনি বাংলাভিশন টেলিভিশন ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক অগ্নিপ্রহর পত্রিকার সম্পাদক।
জিডি সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৯টার দিকে আনিসুর রহমান নামের একটি ফেসবুক আইডি বা পেজে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি তাঁর একটি বিকৃত ও আপত্তিকর ছবি দেখতে পান তিনি। অভিযোগ অনুযায়ী, ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।
হারুন আনসারীর অভিযোগ, এ ধরনের ছবি প্রচারের কারণে তিনি সামাজিক ও মানসিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি ভবিষ্যতে তাঁকে আরও সামাজিক ও আইনগত ক্ষতির মুখে ফেলার আশঙ্কাও করছেন তিনি।
জিডির আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের স্ক্রিনশট ও আইডি বা পেজের লিংক সংগ্রহ করে আবেদনের সঙ্গে সংযুক্ত করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।















