ফরিদপুরে ৬৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১০:৩০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে

রেজাউল করিম – ফরিদপুর
ফরিদপুরের কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকা মূল্যমানের ৬৫ বোতল ফেয়ারডিল (ফেনসিডিলজাতীয় মাদক)সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মৃগী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহন তল্লাশি করা হয়।
তল্লাশীকালে একটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আনুমানিক ১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যমানের ৬৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ আতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মদনা গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল সহ বিভিন্ন মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
অভিযানে মাদক বহনে ব্যবহৃত লাল-কালো রঙের একটি হিরো গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল (পুরাতন ও রেজিস্ট্রেশনবিহীন) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতিতে বিশ্বাসী র্যাব ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখবে।












