ফরিদপুরের ১২ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন।
- আপডেট সময় : ০৪:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১২টি গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ ২০২৬) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।
জানা গেছে, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের এসব গ্রামের বাসিন্দারা একদিন আগে থেকেই রোজা পালন শুরু করেন। সেই ধারাবাহিকতায় প্রতি বছরই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে থাকেন।
ঈদ উদযাপনকারী গ্রামগুলোর মধ্যে রয়েছে, কাঁটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলী, গঙ্গানন্দপুরসহ মোট ৯টি গ্রাম। এর মধ্যে সহস্রাইল, মাইটকুমড়া ও রাখালতলী এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এসব গ্রামের মানুষ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাহমুদাবাদ মির্জাখিল দরবার শরিফের অনুসারী হওয়ায় তারা এই নিয়ম অনুসরণ করে থাকেন।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, উপজেলার তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।























