ফরিদপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

রেজাউল করিম -ফরিদপুর:
ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে রবিবার (২৯ মার্চ) সকালে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার জেলার সকল সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পুলিশ সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে তিনি জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে আরও মানবিক ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান দিপু, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আজম খানসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
মাস্টার প্যারেডের মাধ্যমে জেলার পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও সমন্বয় দক্ষতার একটি চিত্র ফুটে ওঠে বলে সংশ্লিষ্টরা জানান।























