শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা
- আপডেট সময় : ০৪:১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোন
শাখাওয়াত হোসেন মোল্লা:
মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার চর শেখপুর বাঁশকান্দি গ্রামের হাবিবুর রহমানের পরিবার চার বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বাড়ির পাশে বিদ্যুতের পোল থাকলেও প্রতিবেশীর বাঁধার কারণে সংযোগ নিতে পারছেন না বলে অভিযোগ পরিবারের।
এই পরিবারের সন্তান উম্মে হানি সরকারি বারহামগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের মধ্যেও মোমবাতি কিংবা মোবাইলের আলো জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে তাকে। ফলে তার পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উম্মে হানির বাবা হাবিবুর রহমান ও মা সেলিনা বেগম। তার বড় বোন হাজেরা আক্তার। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। উম্মে হানির মা একটি মাদ্রাসায় রান্নাবান্নার কাজ করে সংসার চালান। আর উম্মে হানি কলেজের পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন।
পরিবারের অভিযোগ, তাদের বাড়ির পাশে বিদ্যুতের পোল রয়েছে এবং আশপাশের বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ থাকলেও তারা দীর্ঘদিন ধরে সংযোগ থেকে বঞ্চিত। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিবেশী বাবুল বেপারী বিদ্যুৎ সংযোগে বাঁধা দিচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় লোকজনের কথাও তিনি মানছেন না বলে পরিবারের দাবি।সরকারি বারহামগঞ্জ কলেজের প্রভাষক আমিনুল ইসলাম বলেন, বিদ্যুৎ ছাড়া একটি পরিবার এভাবে থাকতে পারে না। প্রচণ্ড গরমের মধ্যেও উম্মে হানি বিদ্যুৎবিহীন অবস্থায় পড়াশোনা করছে। একজন শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে পরিবারটিকে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রয়োজন।
উম্মে হানি নয়া দিগন্তকে বলেন, বিদ্যুৎ না থাকায় রাতে মোমবাতি ও মোবাইলের আলো দিয়ে পড়াশোনা করতে হয়। প্রচণ্ড গরমে পড়াশোনা করা খুব কষ্টকর। আমি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তাই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার আবেদন জানাচ্ছি।
এ বিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট শিবচর কার্যালয়ের ডিজিএম অভিলাষ চন্দ্র পালের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি অবগত নই। এরকম যদি হয় যে পরিবারটি বিদ্যুৎ ছাড়া বসবাস করছে, তাহলে আমরা বিদ্যুতের ব্যবস্থা করব।
পরিবারটি শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম.ইবনে মিজান ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে সরেজমিনে তদন্তের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছে। একই সঙ্গে স্থানীয়দেরও আশা, একজন শিক্ষার্থীর পড়াশোনা ও একটি পরিবারের স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে দ্রুত এ সমস্যার সমাধান হবে।




















