নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার, ফরিদপুর| আপডেট: শনিবার
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জেলা পুলিশের উদ্যোগে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরকান্দা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
সভায় বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার বলেন, সমাজকে মাদক, জুয়া ও নানা অপরাধ থেকে মুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি অভিভাবকদের সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে ইভটিজিং, চাঁদাবাজি ও সহিংসতা দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এছাড়া বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সংবেদনশীল বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জমিজমা বা স্থানীয় বিরোধকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে না পড়ে আইনানুগ পন্থা অনুসরণের বিকল্প নেই।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জৈব বালাইনাশক ব্যবহারকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্পেয়ার ও সনদ বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী, এ সময় পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনের শেষভাগে সরকার ঘোষিত খাল খনন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নগরকান্দা উপজেলার মনোহরপুর থেকে চৌসারা পর্যন্ত খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। পুরো আয়োজন জুড়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

























