ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত
- আপডেট সময় : ১০:৫৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি :
“নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মোঃ কামাল হোসেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে শিল্প, বাণিজ্য, চিকিৎসা, প্রযুক্তি ও ভোক্তা সুরক্ষায় সঠিক পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নির্ভুল পরিমাপ নিশ্চিত করা গেলে বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও জনগণের আস্থা বৃদ্ধি পায়।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর বলেন, পরিমাপের বিষয়টি কেবল প্রযুক্তিগত নয়; এটি সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনার অন্যতম ভিত্তি। সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত হলে জনগণের মধ্যে আস্থা সৃষ্টি হয় এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হয়। তিনি ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও সঠিক পরিমাপের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতারণামুক্ত সমাজ গঠনে সৎ ও নির্ভুল পরিমাপের বিকল্প নেই।
আরেক বিশেষ অতিথি সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান স্বাস্থ্যখাত ও ওষুধ উৎপাদন শিল্পে নিখুঁত পরিমাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চিকিৎসা ও ওষুধ প্রস্তুত প্রক্রিয়ায় সামান্য পরিমাপগত ত্রুটিও মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই স্বাস্থ্যসেবায় নির্ভুলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাজুস ফরিদপুরের সভাপতি নন্দ কুমার বড়াল এবং গোয়ালন্দের এনএম ট্রেডার্সের স্বত্বাধিকারী মামুনুর রশীদ। তারা ব্যবসা-বাণিজ্যে সঠিক ওজন ও পরিমাপ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বাজার ব্যবস্থায় ভোক্তার আস্থা ধরে রাখতে নিয়মিত তদারকি বাড়ানোর আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম দিবসের নামকরণসহ সরকারি কার্যক্রমে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, ওজন ও পরিমাপে অনিয়ম পণ্যের মান, জনস্বাস্থ্য ও মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বৃহত্তর জনস্বার্থে এ ক্ষেত্রে সততা, দায়িত্ববোধ ও সচেতনতা অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, আধুনিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সঠিক পরিমাপ ব্যবস্থা নিশ্চিত করার বিকল্প নেই।
সভাপতির সমাপনী বক্তব্যে সুস্মিতা সাহা আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় মেট্রোলজির ব্যবহারিক গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্ববাজারে টিকে থাকতে হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ভুল পরিমাপ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুধীজন ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





















