ফরিদপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১০:৩৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
এ ঘটনায় মো. বজলুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার টালীপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। র্যাবের তথ্যমতে, তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।






















