কানাইপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- আপডেট সময় : ০৮:২১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
রেজাউল করিম, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শহীদ মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে খুলনা মহাসড়কের কানাইপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ মোল্লা সদর উপজেলার রশিদনগর এলাকার বাসিন্দা এবং আফসার উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহীদ মোল্লা মোটরসাইকেলে করে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কানাইপুর বাজারে স্বাধীন ফল ভাণ্ডারের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।




















