ফরিদপুরে ছাত্রাবাসে অভিযানে তিন সমকামী যুবক আটক
- আপডেট সময় : ০৫:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরের একটি ছাত্রাবাসে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে শহরের কমলাপুর এলাকার চানমারী মহল্লার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ছাত্রাবাসের শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে পাঁচজনকে আটক করেন। পরে তাদের মধ্যে তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অপর দুই শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশের হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন— সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিহাদ হোসেন (২৮), নিউমার্কেট এলাকার দর্জি বাবু খান (৩৮) এবং গোয়ালচামট এলাকার বাসিন্দা কৃষ্ণ মণ্ডল (৩০)।
মেসের কয়েকজন বোর্ডারের দাবি, প্রায় ১০ দিন আগে হাসান রাজ নামে এক শিক্ষার্থী ওই ছাত্রাবাসে ওঠেন। তার আচরণ ও চলাফেরা নিয়ে শুরু থেকেই অন্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি এক সহপাঠীকে অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে। এরপর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, পরে হাসান রাজ ও আরিয়ান নামে আরেক শিক্ষার্থীর মোবাইল ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি গোপন গ্রুপের তথ্য পাওয়া যায়। এ ঘটনার সূত্র ধরে শনিবার দুপুরে আরও কয়েকজনকে ছাত্রাবাসে ডেকে আনা হলে স্থানীয়রা তাদের আটক করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।
আটকদের মধ্যে বাবু খান দাবি করেন, একটি এনজিওতে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে তার পরিচয় হয়েছিল। অন্যদিকে জিহাদ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরেই তিনি ওই গ্রুপের সঙ্গে যুক্ত হন।
খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















