ফরিদপুরে ফিরোজা ডেইরি এগ্রো অ্যান্ড ফুডের উদ্যোগে পথশিশুদের মাঝে ভিলেজ মিল্ক বিতরণ
- আপডেট সময় : ০১:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

রেজাউল করিম, ফরিদপুর
ফরিদপুরে অসহায় ও দুস্থ পথশিশুদের পুষ্টি নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফিরোজা ডেইরি এগ্রো অ্যান্ড ফুড এবং ভিলেজ মিল্ক লিমিটেড এর উদ্যোগে লক্ষ্মীপুর রেলস্টেশন বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ভিলেজ মিল্ক লিমিটেড এর দুগ্ধ পান করানো হয়।
এ উদ্যোগের নেতৃত্ব দেন ফরিদপুর সদর উপজেলার নারী উদ্যোক্তা ফিরোজা ডেইরি এগ্রো এন্ড ফুড ও ভিলেজ মিল্ক লিমিটেড এর স্বত্বাধিকারী মোছাঃ পারভীন আক্তার। তিনি বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম। সেই চিন্তা থেকেই পথশিশুদের মাঝে দুধ বিতরণের এই কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, এটি একদিনের কর্মসূচি নয়। পর্যায়ক্রমে ফরিদপুর শহরের বিভিন্ন রেলস্টেশন, বাস টার্মিনাল, সড়কের পাশে অবস্থানরত অসহায় ও ছিন্নমূল মানুষ এবং পথশিশুদের মাঝে নিয়মিতভাবে ভিলেজ মিল্ক বিতরণ করা হবে।
পারভীন আক্তার বলেন, “সমাজের প্রতিটি শিশুরই পুষ্টিকর খাবার পাওয়ার অধিকার রয়েছে। আমরা চাই, অন্তত কিছু শিশুর মুখে হাসি ফোটাতে এবং তাদের পুষ্টির ঘাটতি পূরণে সামান্য হলেও ভূমিকা রাখতে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান যদি এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসে, তাহলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফিরোজা ডেইরি এগ্রো অ্যান্ড ফুডের এই উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও এমন কল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসবে।















