শ্রমিক কল্যাণ তহবিলের টাকা উত্তোলনের সময় চার শ্রমিককে থানায় নিয়ে যাওয়ায় ফরিদপুর বাস টার্মিনালে কর্মবিরতি
- আপডেট সময় : ০৩:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

রেজাউল করিম
ফরিদপুর পৌর বাস টার্মিনালের শ্রমিক কল্যাণ তহবিলের টাকা উত্তোলনের সময় চার শ্রমিক নেতাকে পুলিশ থানায় নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দুইটি শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকরা তাৎক্ষণিক কর্মবিরতির ঘোষণা দেন।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেল প্রায় ৩টার দিকে ফরিদপুর শহরের মুন্সি বাজার এলাকা থেকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ মো. জুলফিকার হোসেন, ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সদস্য মো. ফরহাদ হোসেন, ফরিদপুর মটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সদস্য মো. দিলু ড্রাইভার এবং আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য মো. মতি মিয়াকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় দুইটি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা একত্রিত হয়ে দাবি করেন, শ্রমিক কল্যাণ তহবিলের জন্য প্রতি ইউনিয়নের পক্ষ থেকে ৩০ টাকা করে মোট ৬০ টাকা উত্তোলন করা হয়, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত। তাদের ভাষ্য অনুযায়ী, এই তহবিলের অর্থ শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদান, শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষা সহায়তা, অসহায় ও হতদরিদ্র শ্রমিক পরিবারের সহযোগিতা এবং সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয়ে ব্যবহার করা হয়।
শ্রমিকরা আরও বলেন, আটক চার শ্রমিককে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। প্রয়োজনে গাড়ি চালানোর পরিবর্তে অন্য পেশায় কাজ করবেন, তবুও সহকর্মীদের মুক্তি না পাওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলে ঘোষণা দেন।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুদুল হাসান সাংবাদিকদের মুঠোফোনে জানান, “চারজনকে টাকা উত্তোলনের অভিযোগে থানায় আনা হয়েছে। তবে কিসের টাকা উঠায় সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উক্ত ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। বিষয়টির পরবর্তী অগ্রগতি জানতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি রয়েছে।















