ফরিদপুরে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ
- আপডেট সময় : ০৬:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

রেজাউল করিম, জেলা প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শহরের ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বর্তমান পরীক্ষা ব্যবস্থা, প্রশ্নপত্রের মান, খাতা মূল্যায়ন এবং বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন বিষয়ে তাদের দাবি তুলে ধরেন। পাশাপাশি তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— প্রশ্নপত্রের অতিরিক্ত কঠিনতা এবং পরীক্ষার হলে কঠোর তদারকির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বন্যাকবলিত এলাকায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বৈষম্যের অভিযোগের যৌক্তিক ব্যাখ্যা প্রদান, উত্তরপত্র মূল্যায়নে মানবিক ও শিক্ষার্থীবান্ধব দৃষ্টিভঙ্গি অনুসরণ, পদার্থবিজ্ঞানসহ তুলনামূলক কঠিন বিষয়ে ফল প্রকাশের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করা এবং এসব বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ।
সমাবেশে বক্তারা বলেন, তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। তারা দাবি করেন, বিদ্যমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়ছে। এছাড়া দেশের চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা আয়োজন অনেক শিক্ষার্থীর জন্য বাস্তবসম্মত নয় বলেও তারা মত প্রকাশ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা আরও বলেন, বর্তমান কারিকুলামের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাগুলো শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন করতে পারছে না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করা হয়।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী শর্মিষ্ঠা কর্মকার, তাজুল ইসলাম তুহিন, জুনায়েদ আহমেদ, মোহাম্মদ রকিব, সাইমা আক্তার, মেধা আক্তার ও ফকির মোহাম্মদ রাইম।
পথসভা শেষে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পাঁচ দফা দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। এ সময় কিছু সময়ের জন্য সড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। কর্মসূচি থেকে আগামী বুধবার দুপুর ১টায় একই স্থানে পরীক্ষা বাতিল ও পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।



















