সদরপুরে জুলাই শহীদ দিবস পালিত: বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ঐক্যের আহ্বান
- আপডেট সময় : ০৯:১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

শিমুল তালুকদার, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শকে ধারণ করে ন্যায়বিচার, সাম্য, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস এবং শহীদদের অবদানের কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় অংশ নেওয়া কয়েকজন জুলাই আন্দোলনের যোদ্ধা বলেন, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে তারা আন্দোলনে অংশ নিয়েছিলেন, সেই লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ভবিষ্যতে যেন কোনো ধরনের স্বৈরাচার বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ এবং ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রনেন্দ্র রায় চৌধুরী।
এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, জামায়াতে ইসলামীর আমির দেলোয়ার হাওলাদার, গণঅধিকার পরিষদের নেতা জাহিদ হাসান ও হৃদয় হাওলাদার। অনুষ্ঠানে আরও অংশ নেন জুলাই আন্দোলনের যোদ্ধা রাকিবুল হাসান, হাবিব সিয়াম, নুসরাত জাহান লরী, তরিকুল ইসলাম, প্রবাসী হিমেল দেওয়ান, আন্দোলনে আহত ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের সমাপ্তিতে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



















