ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার
ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও মানহীন খাদ্যপণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের বিধি লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) জেলা প্রশাসন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ফরিদপুর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
মোবাইল কোর্টে সোনালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, মৃগী, কানাইপুরে উৎপাদিত চানাচুরের জন্য বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া বিক্রয় ও বিতরণের দায়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাদ্যপণ্যে ব্যবহৃত অননুমোদিত রঙ জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া শ্রী কৃষ্ণ ফুড ইন্ডাস্ট্রিজ (আপন ফ্লাওয়ার মিল), বিসিক শিল্পনগরী, কানাইপুরে উৎপাদিত আটা ও ভুষির পণ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ভবিষ্যতে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ছাড়া কোনো পণ্য বাজারজাত না করার অঙ্গীকার করেন।
অন্যদিকে জামিয়া ফুড প্রোডাক্টস, বসুনরসিংহদিয়ায় খাদ্যপণ্যে ব্যবহৃত রঙের পরীক্ষণ প্রতিবেদন না থাকা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় রঙ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ব্রেড ও বিস্কুট সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান।
বিএসটিআই ফরিদপুর জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















